জিওনির দুই কোটি ফোনে ম্যালওয়্যার : চার কর্মীর জেল জরিমানা
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জিওনি তাদের দুই কোটির অধিক ফোনে ট্রোজান হর্স ম্যালওয়্যার ইনস্টল করে দিয়েছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির চার কর্মীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করেছে দেশটির আদালত। খবর জিএসএম এরিনা।
জিওনি তাদের ইনস্টল করা ম্যালওয়্যারের মাধ্যমে ঐসব ডিভাইসে বিজ্ঞাপন দেখিয়ে আয় এবং ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই বিভিন্ন ম্যালওয়্যার কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
কথিত স্টোরি লক স্ক্রিণ অ্যাপ ব্যবহার করে সফটওয়্যার আপডেটের মাধ্যমে জিওনি সহযোগি প্রতিষ্ঠান দ্য শেনজেন টেকনোলজি কো. লিমিটেড এই ট্রোজান হর্স ডিভাইসগুলোতে ইনস্টল করেছিলো। ২০১৮ সালের ডিসেম্বরে সর্বপ্রথম ডিভাইসটির আক্রান্ত হয় এবং ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রামটি দুই কোটি ১৭ লাখ ৫০ হাজার ডিভাইসে সক্রিয় ছিলো।
প্রায় এক বছরে জিওনি এই ম্যালওয়্যারের মাধ্যমে প্রায় ৪.২ মিলিয়ন ডলার আয় করেছে। এই ঘটনা প্রমাণিত হওয়ার এর সাথে জড়িত চার কর্মীকে তিন থেকে সাড়ে তিন বছর জেল এবং প্রত্যোককে দুই লাখ চাইনিজ ইউয়ান জরিমানা করা হয়েছে।
তবে হতাশার কথা হলো, অধিকাংশ কমদামি স্মার্টফোন নির্মাতা একই কাজ করে থাকে। এর মধ্যে ইনফিনিক্স, টেকনোর মতো মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানও রয়েছে।
ডিবিটেক/বিএমটি